সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২ নভেম্বর) রাতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাই শহরের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা করছেন বলে গোপন মাধ্যমে জানতে পারেন তারা। এ তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরে সন্দেহভাজন হিসেবে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিকে শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে এক্স-রে ও চিকিৎসকদের সহায়তায় পায়ুপথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি প্যাকেট শনাক্ত করা হয়। পরে সেখান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম। এর আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
