সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে একদল ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে সাবেক এমপি হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা হামলাকারীদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক মোটরসাইকেল পোড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোরে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালেকের নিজ বাসভবনে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।
হামলার সময় এমপি মালেক ও তাঁর স্ত্রী বাড়িতেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা টিনের চালে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে গেলে চালে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এম এ মালেকের বাসায় হামলা চালিয়েছিল। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
