সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মোঃ মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো বিষয় এখানে ঘটেনি। মূলত আটককৃতরা থানার একটি মামলার আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেপ্তারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
