সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা জড়িয়ে ডুবে মারা গেল আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় তার স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে কাঠ বহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যায়। দ্রুত জেলেরা তাদের উদ্ধারে নদীতে ঝাপ দেয়। ততক্ষণে আব্দুল আজিজের স্ত্রী সন্তানকে জেলেরা উদ্ধার করতে পারলেও স্রোতের টানে তলিয়ে যায় আজিজ। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অংশ নেয়। এ সময় নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার স্ত্রী কাজল বেগম ও শিশু সন্তান আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
