সাতক্ষীরায় জনসাধারণের মধ্যে ভীতিপ্রদর্শন এবং দেশের নির্বাচিত সরকারকে বির্পস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামী করে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার এসআই (নিঃ) সৈকত পাড় বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এই মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মামলার আসামীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অহেদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হোসেন, মোঃ শাহাদাত হোসেন রাজ, যুবলীগ কর্মী কামরুজ্জামান মিন্টু, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, হাবিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ বকুল ঢালী, মোশারফ হোসেন, মোঃ মহিবুল্লাহ সরদার, আব্দুল মান্নান, আলতাফ হোসেন জাম্বু ও মৃনাল মন্ডল সহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন। এদিকে এঘটনায় পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর সরদার পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হোসেন (৩০), যুবলীগ নেতা সদর উপজেলার বড়খামার গ্রামের মোমিন সরদারের ছেলে মোঃ শাহাদাত হোসেন রাজ (৩৫), উত্তর জোড়দিয়া গ্রামের একব্বার আলীর ছেলে মো. আব্দুল মান্নান (৪৫), গোবরদাড়ি গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর ছেলে হাবিবুর রহমান (৪১)ও সুড়িঘাটা গাংনী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোশরাফ হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে সদর থানাধীন লাবসা ইউনিয়নের যোগরাজপুর মোড় হতে জিরো পয়েন্টের মাঝামাঝি আব্দুস সোবহানের পুরানো ইটভাটার সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী নিষিদ্ধ দলকে গতিশীল করতে নিষিদ্ধ স্বত্তার সমর্থনে কোন ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি সাধানের উদ্দেশ্যে হাতে মশাল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিল এবং কার্যক্রম নিষিদ্বধ স্বত্তার প্রচার করছে। যার মাধ্যমে তারা দেশের জনসাধারণের মধ্যে ভীতিপ্রদর্শন এবং দেশের নির্বাচিত সরকারকে বির্পস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের চেষ্টার করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামী মটরসাইকেলসহ বিভিন্ন গাড়ীযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৮/৯/১১/১২ ধারায় উল্লেখিত এজাহার নামীয়সহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।