দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিল প্রতি ন্যুনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় সমাবেশ করেছে জেলা দলিল লেখক সমিতি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বাবু, ইসলামকাটি-তালা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাতদফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবর রশীদ ও মো. বদরুদ্দোজা, কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি খান ইকবাল হোসেন এবং সখিপুর-দেবহাটা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম। সমাবেশে প্রধান অতিথি বলেন, আমরা আধুনিকায়নের বিপক্ষে নই। আমরা চাই রেজিস্ট্রেশন ব্যবস্থা আধুনিক হোক। তবে আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ সহ সাতদফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন।