জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। গ্রীষ্মমণ্ডলীয় এই ঘূণিঝড়ের প্রভাবে রাজধানী টোকিওসহ কান্টো অঞ্চল ও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। জাপানের আবহাওয়া অফিস (জেএমএ) এই সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শেষের দিকে টাইফুনটি টোকিও মহানগর এলাকার খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে, যার ফলে আবহাওয়া দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই ইজু দ্বীপপুঞ্জ ও জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে কিছু কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের (১২ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে টোকিওর প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরে সর্বোচ্চ সতর্কতামূলক জরুরি ভূমিধস সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
জেএমএ জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে কান্টো অঞ্চলের (টোকিও ও এর পার্শ্ববর্তী প্রশাসনিক অঞ্চলগুলো) দিকে টাইফুনটি এগিয়ে আসার সাথে সাথে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে টাইফুনের কারণে মধ্য জাপানের আইচি প্রশাসনিক অঞ্চলে চলমান এশিয়ান গেমসের কিছু ইভেন্ট মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছেন আয়োজকরা। ঝড়ের কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিউ ইয়র্ক যাত্রা চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, তিনি স্থানীয় সময় রাত ১১টায় টোকিও ত্যাগ করবেন।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কান্টো ও মধ্য জাপানের ওপর রৈখিক বৃষ্টি বলয় তৈরি হতে পারে, যা আকস্মিক বন্যা ও বৃষ্টিজনিত অন্যান্য দুযোর্গের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। পূর্ব এশিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকা ও ইউরোপ পর্যন্ত- চলতি বছরে বিশ্বজুড়ে অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত, বন্যা ও ক্রান্তীয় ঘূর্ণিঝড়েরর মতো চরম আবহাওয়ার ঘটনাগুলোর ধারাবাহিকতা হলো টাইফুন দুজুয়ান।
তথ্যসূত্র: রয়টার্স