ঢাকার মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দুটি চলমান প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। নতুন একটি প্রকল্পসহ তিনটির মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় তিন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের সংশোধিত ব্যয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এর আগে প্রকল্পটির ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।