কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা-পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া বাজারের গরুর হাট মোড় সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মাজেদ গাইনের ছেলে মোঃ বেলাল হোসেন এবং শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে মোঃ সাজু সানা। পুলিশ জানায়, কলারোয়া থানা-পুলিশের একটি দল গরুর হাট মোড় সংলগ্ন ব্রিজের ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে বেলাল ও সাজুকে থামিয়ে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।