সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, অসুস্থ গৃহবধূ হাসপাতালে এলে মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। এ সময় ওই নারী নমুনা নিয়ে প্যাথলজি কক্ষে এলে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে ওই নারী স্বামীকে বিষয়টি জানান।
মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ স্বামীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ পরে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
