এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা টানা দ্বিতীয় বছর বড় ব্যবধানে কমেছে। এবার সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ, এক বছরে জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন, বা প্রায় ৪২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ জনের কিছু বেশি। গত বছর এ হার ছিল সাড়ে ৫ শতাংশের মতো।
দুই বছর আগে, ২০২৪ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। তার আগের বছর, ২০২৩ সালে পেয়েছিলেন ৯২ হাজার ৫৯৫ জন। এবারের সংখ্যা ২০২৪ সালের তুলনায় ১ লাখ ৫ হাজার ৮২৭ কম, অর্থাৎ দুই বছরে জিপিএ-৫ কমেছে প্রায় তিন-চতুর্থাংশ।
এবারই প্রথম দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা হয়েছে। অর্থাৎ সব বোর্ডের শিক্ষার্থী একই প্রশ্নে পরীক্ষা দিয়েছেন।
গত বছর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছিল ঢাকা বোর্ড ২৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী। এরপর ছিল রাজশাহী (১০ হাজার ১৩৭) ও দিনাজপুর (৬ হাজার ২৬০)। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ডের ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এবারের বোর্ডভিত্তিক হিসাব এখনো পাওয়া যায়নি।
