যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটিক পার্টি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্বাচনি ফলাফলে দলটির জয় নিশ্চিত হয়। রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় চারটি আসনই নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটরা।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী ও চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ রিপাবলিকান প্রার্থী ডারলেইন গ্রাহামকে পরাজিত করে সিনেট আসনটি পুনরুদ্ধার করেছেন। ডারলেইন গ্রাহাম প্রয়াত দীর্ঘদিনের সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন। এই রাজ্যে ১৯৯৮ সালের পর কোনো ডেমোক্র্যাট প্রথম সিনেট নির্বাচনে জয় পেলেন।
রিপাবলিকানদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ধর্মতত্ত্বের শিক্ষার্থী জেমস টালারিকো। তিনি পরাজিত করেছেন অঙ্গরাজ্যটির শক্তিশালী অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। টেক্সাসে ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট রাজ্যব্যাপী নির্বাচনে জয় লাভ করলেন।
নর্থ ক্যারোলিনায় সাবেক গভর্নর ও ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে পরাজিত করে আসনটি ছিনিয়ে নেন।
ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হাস্টেডকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন ডেমোক্র্যাট শেরউড ব্রাউন। অন্যদিকে কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করে চমক সৃষ্টি করেছেন মেগাচার্চের যাজক ও ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন। কানসাসে সর্বশেষ ১৯৩২ সালে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছিলেন।
বিদায়ী ১১৯তম কংগ্রেসের ১০০ সদস্যের সিনেটে বর্তমানে রিপাবলিকানদের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে ডেমোক্র্যাটদের রয়েছে ৪৫টি আসন। এছাড়া দুজন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে একই ককাসে রয়েছেন। মঙ্গলবারের নির্বাচনি ফলাফলের পর সিনেটে সংখ্যাগরিষ্ঠতার নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।
এ নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের ‘ট্রাইফেক্টা’রও অবসান ঘটতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভের পর দলটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র- সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ- নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেটের নিয়ন্ত্রণ বদলানো কঠিন হবে বলে ধারণা করা হয়েছিল। কারণ, সিনেটে নির্বাচনের জন্য তুলনামূলকভাবে কম আসন উন্মুক্ত ছিল।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ দুই বছর হলেও সিনেটরদের মেয়াদ ৬ বছর। এছাড়া সিনেট নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। ফলে প্রতিবার নির্বাচনে সিনেটের মোট আসনের মাত্র এক-তৃতীয়াংশে ভোট অনুষ্ঠিত হয়।
এবারের মধ্যবর্তী নির্বাচনে ৩৫টি সিনেট আসনে ভোট হয়, যার মধ্যে ৩৩টি নিয়মিত এবং ওহাইও ও ফ্লোরিডায় দুটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে জেডি ভ্যান্স ও মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়ার পর আসন দুটি শূন্য হয়েছিল।
এদিকে, হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও সুইং স্টেট জর্জিয়ায় ডেমোক্র্যাট সিনেটর জন অসফ এবং ভার্জিনিয়ার দীর্ঘদিনের সিনেটর মার্ক ওয়ার্নার নিজেদের ধরে রাখতে সক্ষম হয়েছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
