সাতক্ষীরায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জীবিকা এবং ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স এবং টেরে দেস হোমস (টিডিএইচ) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
টিডিএইচ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি অফিস ঢাকার ম্যানেজার সুরোজিৎ কুন্ডুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক শেখ মইনুল ইসলাম মইন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য ও ক্লাইমেট ব্রিজ ফান্ড প্রকল্পের বাস্তবায়ন কৌশল তুলে ধরেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের প্রোগ্রাম ম্যানেজার ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
তিনি এই প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে উপস্থিত অংশীজনদের অবহিত করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্লাইমেট ব্রিজ ফান্ডের অর্থয়নে গৃহীত প্রকল্পকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত তিনটি কলোনিতে প্রকল্পের কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, ওয়াশ কমিটির সদস্য, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, প্রশিক্ষিত কমিউনিটি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
