সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি শ্মশানঘাট নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মসজিদ মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৮শ’ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
