খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসান সবুজ নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক সাতক্ষীরার আশাশুনি উপজেলার আব্দুল জলিলের ছেলে। তিনি ওষুধ কোম্পানির দি একমিতে মেডিকেল সেলস প্রতিনিধি হয়ে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মেহেদী হাসান সবুজ মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
