ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পাঁচটি সুড়ঙ্গ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জোট জানায়, সৌদি আরব ও ইয়েমেনে হুতিদের অবকাঠামোয় হামলার পর সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং এর উৎস নিষ্ক্রিয় করতে এ অভিযান চালানো হয়।
জোটের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হুতিদের একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়টিও অভিযানে গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া ইয়েমেনের সম্মুখসারিতে হুতিদের প্রতিরক্ষাব্যবস্থা, সদস্যদের সমাবেশস্থল ও সামরিক সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে এ অভিযানের বিষয়ে হুতিদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
