সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
নির্দেশনাটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
অনিশ্চয়তায় নতুন উন্নয়নকাজের দরপত্র
স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনার ফলে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় নতুন কাজের দরপত্র আহ্বান এবং সেবা ও পণ্য কেনার ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। এতে এসব প্রতিষ্ঠানের নতুন উন্নয়নকাজের দরপত্র ও কেনাকাটার কার্যক্রমে সাময়িক বিরতি তৈরি হতে পারে।

তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে পৃথক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে চলমান প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে নির্দেশনাটিতে স্পষ্ট ব্যাখ্যা নেই।
একই সঙ্গে সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের পরই এ-সংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তত দিন পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।
