• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে: আইজিপি যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি! এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম এসিল্যান্ডের রহস্যময় ফেসবুক পোস্ট, ইউএনও বললেন ‘মানসিকভাবে অসুস্থ’ প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে, ফ্লাইট দ্বিগুণ, সব টিকিট শেষ তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিমানববন্ধন

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৮ বার দেখেছে
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ১৫:১৬  |  আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ১৫:১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। এ ঘটনায় সৌদি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিরা হামলার দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিমানবন্দরের টার্মিনালে দাঁড়িয়ে থাকা সৌদি এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানে আগুন ধরে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অথবা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ঘটনার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বিমানবন্দরের কাছেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে আগুন নেভানোর গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।

নিরাপত্তাজনিত পরিস্থিতিতে বিমানবন্দরে বহির্গামী ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকাল ৩টার দিকে রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছিল। শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আরও ৩১টি ফ্লাইট বাতিল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।

বৃহস্পতিবার সৌদি আরবে হামলা জোরদার করার ঘোষণা দেয় হুথিরা। দেশটির আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করার চেষ্টা এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। এসব স্থাপনায় কর্মরত ব্যক্তিদের সেখান থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে আঘাত হেনেছে।

ইয়েমেনে নতুন করে তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। সরকারপন্থি বাহিনীকে সৌদি আরবের সমর্থনের কারণে দেশটিকে লক্ষ্যবস্তু করার কথা বলছে হুথিরা। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, হুথিদের কাছ থেকে এলাকা পুনর্দখলে জাতিসংঘ-স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক অভিযানে তারা সহায়তা করছে।

গত এক মাসে ইয়েমেনের উপকূলীয় সমভূমিতে দ্রুত অগ্রসর হয়েছে হুথিরা। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাদের অগ্রযাত্রার খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের দিকে এগোচ্ছে। স্বাধীন পর্যবেক্ষকেরা এর আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন, হুথিরা শহরটি দখলের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

অন্যদিকে সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের নিরাপত্তা জোরদার করতে পিছু হটছে বলেও কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে রিয়াদে জ্বালানি খাতের নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর