সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের কাছ থেকে অর্থ আদায় ও বনদস্যুদের সঙ্গে যোগসাজশে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সাবেক স্থানীয় আওয়ামী লীগ নেতা জি.এম. বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জি.এম. ইয়াসিন আরাফাত ও কথিত ফেসবুক সাংবাদিক পরিচয়দানকারী মেহেদী হাসানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে চাঁদনীমুখা বেঁড়িবাধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সুন্দরবনে প্রবেশ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সুন্দরবনকেন্দ্রিক বনদস্যুদের তৎপরতা নিয়ে উদ্বেগের কারণে সাধারণ বনজীবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তাদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ বাধাগস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা জি.এম. বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জি.এম. ইয়াসিন আরাফাত ও ফেসবুক সাংবাদিক মেহেদী হাসান এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও বনদস্যুদের সঙ্গে আঁতাত করে সুন্দরবনগামী জেলেসহ বনজীবীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ আদায় করছেন। তাদের অভিযোগ, জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে এর একটি অংশ তারা বনদস্যুদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে। বক্তারা এসময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সমাজসেবক ও ব্যবসায়ী শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসীন্দা জোনাব আলী, এনামুল হক, সালাউদ্দিন আহমেদ, ইউপি সদস্য জি.এম. মঞ্জু, আজমুন নাহার, রওশানারা বেগম প্রমুখ। এসময় সেখানে স্থানীয় জেলে-বাওয়ালী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
