রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর ফেরদৌস আহমেদ মিষ্টি দল ও সংসদ সদস্য-দুই পদ থেকেই পদত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তিনি বিএনপি থেকেও পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওই দিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে।
ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত আসে।
এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকেও বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তাঁর স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। এরই মধ্যে সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
