সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবির) ভুয়া পরিচয়ে কাশেম সরদার নামের এক সাইকেল ও ভ্যান যন্ত্রাংশ ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
পরবর্তীতে পরিবারকে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, পুলিশি ভেস্ট, মোটরসাইকেল ও মুক্তিপণের ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
এর আগে ১৫ নভেম্বর তাদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন-পুলিশ কনস্টেবল মো. সোহেল আহম্মেদ (যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে এবং মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে, তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন। অপহৃত ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে এবং তেঁতুলিয়া বাজারে তার যন্ত্রাংশের দোকান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ১৫ নভেম্বর দুপুরে ব্যবসায়ী কাশেম সরদার তার নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত দুজন নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
স্বামীর আকস্মিক অপহরণের ঘটনায় ঘাবড়ে না গিয়ে চরম সাহসিকতার পরিচয় দেন কাশেম সরদারের স্ত্রী। তিনি দ্রুত তালা থানায় উপস্থিত হয়ে পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে তালা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে চুকনগর থেকে অপহৃত ব্যবসায়ী কাশেম সরদারকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং দুই অপহরণকারীকে হাতেনাতে আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে। ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর থেকে মূল অভিযুক্তদের আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত পুলিশি সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
