সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটারের বেশি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। পাশাপাশি ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে যায়। এতে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।
বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাতের বেলায় সড়কের গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে এমন অবস্থায় থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাবে।
