• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিনিধি।। -নজর ডট কম
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১৩:২৯

মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি অফিসিয়াল সফর এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন। এ বিষয়ে দুদককেও অবহিত করা হয়েছে।

দেশকাল নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইয়াহিয়া মির্জা বলেন, মাসরুর আরেফিন দেশে ফিরবেন না কেন।

অন্যদিকে, রোববারের আগেই দুদক তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

দুদকের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা।

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দায়ের করা মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) হিসেবে নথিভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর