কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ, এসআরবি এবং বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অরাজকতা ও জনদুর্ভোগ এড়াতে সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমিনবাজারসহ শহরের সবকটি প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০ থানার ওসিকে বিশেষ নিদর্শনা দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলো সার্বক্ষণিক অভিযান অব্যাহত আছে। গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দলগুলো সার্বক্ষণিক মাঠে কাজ করছে। মাঠপর্যায়ের নিরাপত্তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো রোধে পুলিশের সাইবার ইউনিটগুলো সার্বক্ষণিক মনিটরিং চালাচ্ছে।
এছাড়া, নাশকতার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, ১৯ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশের মোবাইল ও মোটরসাইকেল টহল বৃদ্ধি করা হয়েছে।
এদিকে লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের প্রায় ২৯ থেকে ৩১টি জেলায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে যাতে বাইরে থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
অবশ্য সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। কোনো গোষ্ঠী জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, সেপ্টেম্বর মাসে রাজধানীতে ২৭টি এবং অক্টোবর মাসে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে নভেম্বর মাসের প্রথম ১৬ দিনেই বিস্ফোরণের সংখ্যা বেড়ে ৮৫টিতে দাঁড়িয়েছে। চলতি মাসে ঘটা ৮৫টি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অভিযান চালিয়ে অবিস্ফোরিত ৫২টি ককটেল উদ্ধার করা হয়েছে। মাঠ পর্যায়ে যেন কোন ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবশেষ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
