সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর ফলে রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–রিয়াদ রুটের একটি ফ্লাইট ও সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।
এর আগে শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। ফলস্বরূপ, বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বিজি৩৩৯ এবং বিজি৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
স্থগিতাদেশের কারণে যাত্রীদের যাত্রায় অপ্রত্যাশিত বিঘ্ন এবং তাদের পরিবারকে যে অসুবিধায় পড়তে হয়েছে সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর মধ্যে, ২ বাংলাদেশিও রয়েছেন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
