সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর একটি অভিযানিক দল উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ফাতেমা খাতুনের ঘরের পাশ থেকে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দক্ষিণ কুলিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়।
এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ৩ অক্টোবর দেবহাটা থানায় মামলা করেন। মামলায় ফাতেমা খাতুন এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামি করা হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ফাতেমা খাতুনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
