আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইও-১), জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল বলেন, “শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” পূজা উদযাপনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
