সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত গাজী জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে। নিহত ব্যক্তি কাঠমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শওকত গাজী শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী শুক্রবার বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
