আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক উত্তরণ ও পুনর্গঠনের বার্তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চার দিনের জাতিসংঘ সফরে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দেওয়ার পাশাপাশি ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং একাধিক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সরকারের দাবি, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ আন্তর্জাতিক পরিসরে নতুন করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপি নেতারা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে সরকারের রাজনৈতিক অগ্রাধিকার উপস্থাপনের পাশাপাশি দেশের রাজনীতিতেও এ সফরের আলাদা তাৎপর্য রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরেন।
দেশ পুনর্গঠনে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা ‘৩-আর’ কৌশলের কথাও জানান তিনি। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, উন্নয়ন অর্থায়ন এবং প্রযুক্তি স্থানান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের বিপুল আস্থার ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই সফরের মাধ্যমে দেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। সফরজুড়ে অত্যন্ত উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততাও লক্ষ্য করা গেছে।
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে কূটনৈতিক তৎপরতাও ছিল ব্যাপক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর টানা চার দিনের সফরে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী।
সরকারি তথ্য অনুযায়ী, সফরে তিনি মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য, ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা।
মাহদী আমিন বলেছেন, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
বিভিন্ন দেশের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন তারেক রহমান।
গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও সামাজিক উন্নয়নের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন তিনি। নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে তার বক্তব্যে।
রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
তারেক রহমানের জাতিসংঘ সফরকে শুধু রাষ্ট্রীয় সফর হিসেবে দেখছে না বিএনপি। দলটির নেতাদের বক্তব্যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক সমমর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত—জাতিসংঘের ভাষণে এই অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। রিজভী আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
তারেক রহমানের প্রথম জাতিসংঘ ভাষণের সঙ্গে তার পরিবারের রাজনৈতিক ইতিহাসও নতুন করে আলোচনায় এসেছে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি একাধিকবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন বিশেষ অধিবেশন ও উচ্চপর্যায়ের সভাতেও বক্তব্য দেন খালেদা জিয়া। ফলে একই পরিবারের বাবা, মা ও ছেলে—তিন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে ভাষণ দেওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে সামনে এসেছে।
এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স রাইজিংবিডিকে বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং গণঅভ্যুত্থান-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেছেন, একই পরিবারের তিন প্রজন্ম-বাবা, মা ও ছেলে-চার দশকের ব্যবধানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রেখেছেন। এটি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া, বিশ্বশান্তি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ ও উদ্বেগও তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর তাই কেবল আন্তর্জাতিক কূটনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সরকারি ভাষ্য অনুযায়ী, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয় আন্তর্জাতিক অংশীদারদের সামনে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে বিএনপির নেতারা সফরটিকে দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখছেন। ফলে জাতিসংঘের মঞ্চে দেওয়া বক্তব্যের পাশাপাশি সফরটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার নতুন মাত্রা তৈরি করেছে। সূত্র: রাইজিংবিডি।
