সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শে কৃষকদের মধ্যে চাষাবাদে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে আশাশুনি উপজেলায় ৯ হাজার ২২২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে এবার ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে ২৬ হাজার ২১৮ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ ছাড়া উপজেলায় ১৪৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে।
সবজি চাষেও এবার আগ্রহ দেখা গেছে কৃষকদের মধ্যে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ৫২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। পাশাপাশি মৎস্য ঘেরের আইলে ১৮৭ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। সব মিলিয়ে সবজি চাষের আওতায় এসেছে ৭০৭ হেক্টর জমি।
এ ছাড়া বসতবাড়ির পতিত জমিকে কাজে লাগিয়ে ৪ হাজার ৫২০টি বস্তায় আদা চাষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন জলাশয়ে ৮ হেক্টর জমিতে পানি ফলের চাষও হয়েছে।
আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সোবহান বলেন, বর্তমান আবহাওয়া ও মাঠের ফসলের পরিস্থিতি ভালো রয়েছে। তবে শীত মৌসুমে ক্ষতিকর পোকার আক্রমণের আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।