দেবহাটা উপজেলা ৪ নং নওয়াপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত গরীব দুঃখী ও মেহনতী মানুষের আশা আকাংখার ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের দুঃসময়ে বলিষ্ঠ কণ্ঠস্বর জনপ্রিয় নেতা এস এম মাসুম বিল্লাহ। তিনি ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির পর পর টানা চার বারের নির্বাচিত সভাপতি, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে অসংখ্য মিথ্যা মামলার আসামি, বার বার কারাবরণকারী ও সর্বোচ্চ ত্যাগী নেতা।
দীর্ঘদিন ধরে অবহেলিত নিষ্পেষিত নওয়াপাড়ার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতায় বলীয়ান হয়ে তিনি এবার সমাজ পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে এসে দাঁড়িয়েছেন এলাকাবাসীর দ্বারে। একটি স্বনির্ভর ও আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলতে প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়েছেন এস এম মাসুম বিল্লাহ।
এ ব্যাপারে এস এম মাসুম বিল্লাহ বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে প্রতিটি নাগরিকের অবাধ বিচরণ ভূমি, সাধারণ মানুষকে সেবা নিতে এসে যেন কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে না হয় এবং প্রতিটি সরকারি সুযোগ-সুবিধা যেন বিনা বাধার সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে ব্যাপারে তিনি সবসময় সচেষ্ট থাকবেন। ইউনিয়নের সবচেয়ে বড় সামাজিক ব্যাধি মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানের কথা জানান এস এম মাসুম বিল্লাহ।
সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে কঠোর আইনগত পদক্ষেপের পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক ধারায় যুক্ত করার জন্য তিনি সব সময় সচেষ্ট থাকবেন। হয়রানিমুক্ত নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবহেলিত অবকাঠামোর সংস্কার, রাস্তাঘাটের উন্নয়ন, কাঁচা রাস্তা গুলো অতি দ্রুত পাকা রাস্তায় উন্নীতকরণ, এলাকার সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়মিত সংস্কার ও উন্নয়ন কাজ তদারকি করা, সকল সরকারি খাস জমি সন্ত্রাসীদের কবল থেকে দখল মুক্ত করা এবং ধনী-দরিদ্র দল মত নির্বিশেষে সবার জন্য সমঅধিকার প্রতিষ্ঠা করা সকলকে সমান চোখে দেখাই এস এম মাসুম বিল্লাহর রাজনীতির একমাএ উদ্দেশ্য। নওয়াপাড়ার আমূল পরিবর্তন ও একটি আদর্শ মডেল ইউনিয়ন গড়ার এই আন্দোলনকে ত্বরান্বিত করতে দলীয় নেতাকর্মীসহ তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন।